মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে মো: আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পশ্চিম কান্দি, চর বাউশিয়া এলাকায় এক ব্যক্তি কক্ষে আটকা পড়েছেন—এমন সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
মৃত আব্দুল মালেক ঠাকুরগাঁও জেলার শাহপাড়া গ্রামের মরহুম একাব্বর হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে পশ্চিম কান্দি, চর বাউশিয়া এলাকায় এক ব্যক্তি কক্ষে আটকা পড়েছেন—এমন সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে বাড়ির মূল ফটক ও কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করে মেঝেতে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে গজারিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
জানা গেছে, মৃত মো: আব্দুল মালেক আনোয়ার সিমেন্ট শিট ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার সময় তার পরিবারের কেউ বাসায় উপস্থিত ছিলেন না।



