মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশু, নারীসহ আটজনকে দেড় ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৬ এপ্রিল) বিকেলে শহরের লেকেরপাড়ে সমন্বিত অফিসের ১০ তলা ভবনের লিফটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সোমবার বিকেল ৪টার দিকে সমন্বিত সরকারি অফিস ভবনে সেলাই প্রশিক্ষণ নিতে আসেন সাতজন নারী প্রশিক্ষণার্থী। এ সময় তাদের সাথে এক শিশুও ছিল। লিফটে করে উপরের তলায় যাওয়ার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে যায়। এতে তারা লিফটের ভেতরে আটকা থেকে চরম আতঙ্কের মধ্যে পড়েন।
পরে বিভিন্ন জায়গায় ফোন দিয়েও সহায়তা না পেয়ে ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে সপ্তম ও অষ্টম তলার মধ্যবর্তী স্থান থেকে লিফটে আটকা পড়া নারীদের উদ্ধার করেন। দেড় ঘণ্টা পর সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করা হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, বড় দুর্ঘটনার আগেই শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছে।



