ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ভূঞাপুরে তেল পরিমাপে কম দেয়ার অভিযোগে ভাই-বন্ধু ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি থাকায় দু’টি মিষ্টির দোকান মালিককে আরো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

তিনি জানান, উপজেলার ভাই-বন্ধু ফিলিং স্টেশন পরিমাপে তেল কম দেয়ার অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতি পাঁচ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দেয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। পরে পেট্রোল পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, এছাড়াও গোবিন্দাসী বাজারে প্রদীপ ও শ্যামলের মিষ্টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি পাওয়ায় দুই দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।