পিরোজপুরের জিয়ানগরে জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেসার্স পলাশ এন্টার প্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) রাতে জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকা থেকে এ বিটুমিন উদ্ধার করা হয়।
জানা যায়, ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। ২ মার্চ ঝালকাঠি থেকে উক্ত বিটুমিন চুরি হয়ে যায়। পরবর্তিতে ঠিকাদার মেজবা উদ্দিন ঝালকাঠি সদর থানায় একটি চুরি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভির ফুটেজ থেকে চোরাইমাল পরিবহনের ট্রাক সনাক্ত করে ট্রাক চালককে আটক করে। পরে ট্রাকচালকের দেয়া তথ্যমতে শনিবার রাতে এ চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভির ফুটেজ থেকে একজনকে সনাক্ত করে তার দেয়া তথ্যমতে জিয়ানগরের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে এ বিটুমিন উদ্ধার করা হয়েছে।
তিনি আরো্ জানান, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেল বিটুমিনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি শাকিল মাহমুদ পলাশ।
অভিযুক্ত মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ বলেন, ‘উদ্ধার করা ৫৮ ব্যারেল বিটুমিনের মধ্যে ৪০ ব্যারেল বিটুমিনের কাগজপত্র তার কাছে রয়েছে। তবে বাকি ১৮ ব্যারেল তার বিটুমিনের সাথে কে বা কারা রেখেছে তা তিনি জানেন না।’
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার জানান, বিটুমিন চুরির ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা রয়েছে। জিয়ানগর থানা পুলিশের সহয়তায় ঝালকাঠি থানা থেকে পুলিশ এসে ৫৮ ব্যারেল বিটুমিন উদ্ধার করে নিয়ে গেছে।



