ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ সদরে পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই পলাতক রয়েছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |নয়া দিগন্ত

ময়মনসিংহ সদরে পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই পলাতক রয়েছে।

সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান বড় ভাই আবদুল বাছেদ (৩৫)।

নিহত বাছেদ ওই গ্রামের মরহুম আছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি বণ্টন নিয়ে আবদুল বাছেদ ও তার ছোট ভাই মো: রাশেদুলের (২৫) মধ্যে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ নিয়ে পরিবারের ভেতরে আবারো বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাশেদুল লাঠি দিয়ে বাছেদের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২০ মিনিটে তিনি মারা যান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।