দিনাজপুরের চিরিরবন্দরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুলু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ ও তার ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে পরিবারেরই আরেক সৎ ছেলের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার চাম্পাতলী বাজারের উত্তরে পলাশ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ (মঙ্গলবার) সকালে পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে দুলু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার ছেলে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।



