দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন ১ হাজার ১৭৮ জন অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে একজন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: বোরহান উদ্দিন এ তথ্য জানান।
এর আগে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এ বছর ১ লাখ ৪১ হাজার ২৪২ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও উপস্থিত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪২ জন। মোট অনুপস্থিত ১ হাজার ১৭৮ জন। মোট ২৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক নিরাপত্তায় ছিলেন পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ও ডিসি মোহাম্মদ রুহুল আমিন নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শনের পর বিভাগীয় কমিশনার বলেন, ‘পরীক্ষা নকলমুক্ত করতে যা যা করার দরকার, তার উদ্যোগ নেয়া হয়েছে। কেউ কোনো ধরণের অসদুপায় অবলম্বনের চেষ্টা করা মাত্রই তাকে আইনের আওতায় আনা হবে।’



