মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দু’জন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চারঘণ্টা মাদারীপুর পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার সাবেক কমিশনার আক্তার হাওলাদারের সাথে একই এলাকার হাসান মুন্সি ও আলামিন চৌকিদার গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চারঘণ্টা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন কমপক্ষে দু’জন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দু’পক্ষ।’



