‘আমাদের পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধারের জন্য বিজ্ঞানের নতুন চিন্তা’ থিম নিয়ে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (BYEI)-এর ১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড (এনইও)-এর বিভাগীয় পর্ব শুরু হলো রংপুরে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে শুরু হয় এই অলিম্পিয়াড। বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
একইসাথে রাজশাহী বিভাগের প্রতিযোগিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। এপ্রিল মাসজুড়ে আটটি বিভাগ ও কুমিল্লা অঞ্চলে এই বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এই আয়োজনে জ্ঞান ও কৌশলগত সহায়তা দিচ্ছে।
বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ-এর কো লিড হালিমা আক্তার জানান, ২০১২ সাল থেকে এই অলিম্পিয়াডের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহ নিয়ে শেখার সুযোগ পাচ্ছে।
তিনি আরো জানান, এই প্রতিযোগিতার লক্ষ্য হলো ভবিষ্যতের পরিবেশ নেতা ও সমস্যা সমাধানকারী তৈরি করা। এছাড়াও এবারের থিমের মাধ্যমে তরুণদের ই-স্টিম ব্যবহার করে পৃথিবীকে সুস্থ, ঠিকঠাক ও নতুন করে গড়ে তুলতে উৎসাহ দেয়া হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার সেরা শিক্ষার্থীরা আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড (আইইএসও)-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। এ পর্যন্ত বাংলাদেশ পাঁচটি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড (এনইও) থেকে অনুপ্রাণিত হয়ে অনেক সাবেক অংশগ্রহণকারী এখন বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে পরিবেশ ও ভূবিজ্ঞান নিয়ে পড়াশোনা ও কাজ করছে।
এ বছর ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডকে সহায়তা করছে E-STEM Awards ও North American Association for Environmental Education (NAAEE)। সহ-আয়োজক হিসেবে আছে Geological Society of Bangladesh এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো।
২০০৯ সাল থেকে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (BYEI) বাংলাদেশের তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে কাজ করছে। তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



