রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য : তথ্যমন্ত্রী

‘বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেকাংশেই আমদানিকৃত তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও কৃষিখাত ঝুঁকিতে পড়েছে।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি
হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের মূল উদ্দেশ্য। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সরকার দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।’

তিনি বলেন, ‘১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নেন। তিনি ইপিআই’র মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শিশুদের জন্য হাম টিকা কার্যক্রম চালু করেন।’

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে হাম প্রকোপ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই উদ্যোগ দেশের শিশু মৃত্যুহার কমাতে এবং সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার ওই পদক্ষেপ বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বগুড়া থেকে হাম টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য শিশুদের হাম টিকার আওতায় নিয়ে আসা। কেননা এই সংক্রমণ রোগকে প্রতিরোধ করতে না পারলে দ্রুত শিশুদের মাঝে ছড়িয়ে পড়বে, বিশেষ করে যেসব শিশু পুষ্টিহীনতায় ভুগছে।’ দেশব্যাপী হাম টিকাদানে কোনো ঘাটতি থাকবে না বলেও এ সময় তিনি মন্তব্য করেন।

অভিভাবকদের টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অবশ্যই এই টিকার আওতায় আনতে হবে। শুধু নিজের বাচ্চা টিকা নিলেই হাম প্রতিরোধ সম্ভব নয়; বরং রোগ প্রতিরোধ তৈরি করতে সকল শিশুকে টিকার আওতায় আনতে হবে।’

দেশের বর্তমান জ্বালানি সঙ্কটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেকাংশেই আমদানিকৃত তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও কৃষিখাত ঝুঁকিতে পড়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক (ডিসি) মো: খায়রুল আলম সুমন, পুলিশ সুপার (এসপি) এ জেড এম মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল, সিভিল সার্জন ডা: এস এম মনজুর-এ-এলাহী, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা: মোহাম্মদ লোকমান হাকিম ও সহকারী পরিচালক ডা: সাইফুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।