গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী এক বছরের মধ্যে আপনারা দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন। আমি আমার কার্যক্রম শুরু করেছি ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘আমি এখন বলতে পারি, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে অনেক কিছুর পরিবর্তন দেখবেন। এজন্য একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত উন্নয়ন দেখবেন।’
শনিবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘যেকোনো মূল্যে সরকারি সম্পদ রক্ষা করতে হবে। কোনো বালুমহল কিংবা পাথর কোয়ারী থেকে কোনোভাবেই চোরাইপথে বালু-পাথর উত্তোলন করা যাবে না। নির্বাচন মুহূর্তে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারী খুলে দেয়ার যে কথা বলেছি সেটা বাস্তবায়ন করতে আমাকে কাজ করার সুযোগ দিতে হবে।’
তিনি বলেন, ‘গোয়াইনঘাটের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম যাতে দ্রুত শুরু করতে পারি সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছি তা প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন করতে আমাকে সুযোগ দিতে হবে। মার্চের দিকেই দেখতে পাবেন গোয়াইনঘাটের বিভিন্ন রাস্তার কাজ শুরু হয়ে গেছে।’
এ সময় মন্ত্রী বলেন, ‘গোয়াইনঘাটের যে বড় পুকুর আছে ওই পুকুরের চতুর্দিকে ওয়াকওয়ে তৈরি করা হবে।’
তিনি আরো বলেন, ‘ইনশাআল্লাহ শ্রমিকের ব্যাপারে যেটা বলেছি সেটা নিয়ম ও রুলস মেনেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই এলাকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করব।’
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো: সারওয়ার আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল মো: আব্দুল্লাহ আল নোমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুবনেতা দেলোয়ার হোসেন মেম্বার, এনামুল হক এনামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।



