মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক মামলায় আরো পাঁচজনকে আটক করে মোট আটজনকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে গ্রেফতারদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার পূর্ব রাজদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়ামিন শেখ (২৭) নামের এক ব্যক্তি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের কাজে বাধা দেন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনায় ইয়ামিন শেখ, হোসেন শেখ (২৭) ও সোহেল বেপারীকে (২১) আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হান্নান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালালে কিছু ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তিনজনকে আটক করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া এলাকা থেকে সোহেল বেপারীকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ছাড়া নিমতলা এলাকায় তালুকদার ফিলিং স্টেশনে চুরির ঘটনায় জাহিদ হাসান (৩৮) ও তুষারকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলায় আরো তিনজনকে আটক করা হয়েছে।
গ্রেফতারদের সিরাজদিখান থানা থেকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ওসি মো: আব্দুল হান্নান বলেন, রাতে আসামি ধরতে গেলে মব সৃষ্টির চেষ্টায় ইয়ামিন নামে এক ব্যাক্তিসহ তিনজনকে আটক করা হয়। এ ছাড়া ওয়ারেন্ট ও অন্য মামলায় আরো কয়েকজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।



