ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদেশী পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই সহোদর ও একটি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার উথুরা ও হাটুরিয়া এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই সহোদর হলেন— গফরগাঁও ইউনিয়নের উথুরা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো: কামরুল ইসলাম (৩৫) ও মো: সাব্বির (২৩)। একই অভিযানে গ্রেফতার করা হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন (৩৬)। তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা ছিল।
যৌথবাহিনীর অভিযানে গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, একটি অ্যামোনিশন, একটি গ্যাস পিস্তল, একটি ৭.৬৫ মিলিমিটার ন্যাটো (মেইড ইন ইউএসএ) পিস্তল, নয়টি দেশীয় অস্ত্র, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, চারটি ছেনি ও তিনটি ছুরি জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উথুরা গ্রামে অভিযান চালিয়ে সহোদর দুই ভাই কামরুল ও সাব্বিরকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।



