বগুড়ার শাজাহানপুরে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, ‘আগুন লাগার সাথে সাথেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে।’



