পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি রমজান (৩৮) ও তার সহযোগী সায়েমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার আমরাজুরী ইউনিয়নের কুমিয়ান ইটভাটা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার রমজান স্থানীয় মকবুল সরদারের ছেলে ও সায়েম উপজেলা সদরের কেউন্দিয়া গ্রামের শাখায়াত মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশের এসআই মাসুদ আল মামুন ও এসআই রাকিব হাসানের নেতৃত্বে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার আমরাজুরী ইউনিয়নের কুমিয়ান ইটভাটা সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী রমজান ও তার সহযোগী সায়েমকে আটক করা হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। রোববার গ্রেফতার দুই আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।



