গফরগাঁওয়ে ৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী

ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশে দোকানে কেনাকাটা করতে যায়। এ সময় দিয়ারগাঁও গ্রামের কামাল মিয়ার ছেলে সোহান মিয়া, জুলমত আলীর ছেলে জামাল মিয়া ও নুরুল ইসলাম রাস্তা থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
পাঁচ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী
পাঁচ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী |নয়া দিগন্ত গ্রাফিক্স

ময়মনসিংহের গফরগাঁওয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের পাঁচদিন হয়ে গেলেও ওই স্কুলছাত্রীকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার উস্থি ইউনিয়নের গন্ডপাড়া গ্রামের রাস্তা থেকে ওই ছাত্রী অপহৃত হয়। সে পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর বাবা মো: বাবুল খান পাগলা থানায় তিনজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলায় পাগলা থানার গন্ডপাড়া গ্রামের মো: বাবুল খানের মেয়ে (১৪) পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশে দোকানে কেনাকাটা করতে যায়। এ সময় দিয়ারগাঁও গ্রামের কামাল মিয়ার ছেলে সোহান মিয়া, জুলমত আলীর ছেলে জামাল মিয়া ও নুরুল ইসলাম রাস্তা থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহৃত ছাত্রীর বাবা মো: বাবুল খান বলেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্যক্ত করত সোহান। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় জামাল মিয়া ও নুরুল ইসলামের সহযোগিতায় আমার মেয়েকে সোহান জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অপহৃতাকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।