গফরগাঁওয়ে বটমূলে উপজেলা প্রশাসনের বর্ষবরণ উদযাপন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বটমূলে উপজেলা প্রশাসন ও শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে বটমূলে উপজেলা প্রশাসনের বর্ষবরণ উদযাপন
গফরগাঁওয়ে বটমূলে উপজেলা প্রশাসনের বর্ষবরণ উদযাপন |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বটমূলে উপজেলা প্রশাসন ও শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বর্ষবরণের এ বর্ণিল আয়োজন শুরু হয়।

এবার বৈশাখের এই বর্ণিল শোভাযাত্রার প্রতিপাদ্য ছিলো—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও মিনি স্টেডিয়াম সংলগ্ন বটতলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়। বিভিন্ন ধরনের রঙিন প্ল্যাকার্ডে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় যোগ করেছে অনন্য মাত্রা।

পরে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বটতলায় বর্ষবরণ আলোচনা ও লোকজ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আসম আতিকুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এইচ এম তৌহিদুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দুপুর দেড়টার দিকে মিনি স্টেডিয়ামে বাদ্যের তালে তালে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা। বিকেলে রশিটান ও ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যুব সমাজ ও সুশীল সমাজের লোকজন।

নতুন বর্ষ শুরুর পারম্ভে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে গ্রাম-বাংলার ঐতিহ্য পান্তাভোজ, শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও পৌরশহরে মিনি স্টেডিয়াম মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে বসছে বৈশাখী মেলা।