লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে গিয়ে নির্মাণাধীন একটি দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় খোরশেদ আলম নামে অপর এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি নিচহরা সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
আহত খোরশেদ আলম উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাসিন্দা। তার কোমর ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে ফাহাদ তার মায়ের সাথে রামগঞ্জ বাজারে সেলাই মেশিন মেরামত করতে ও নতুন পোশাক কিনতে আসে। এ সময় তারা চৌরাস্তা সংলগ্ন কাজী হোটেলের পাশে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ দোকানটির নির্মাণাধীন একটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদ নিহত এবং খোরশেদ আলম গুরুতর আহত হন।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘দেয়াল ধসে এক শিক্ষার্থী নিহত হয়েছে এবং একজন আহত হয়েছেন। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



