ঝালকাঠির গুয়াচিত্রা এলাকার একসারাপাড়া গ্রাম থেকে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার যুবক এলাকার আ: রহিম হাওলাদারের ছেলে মো: রুবেল হাওলাদার (২৯)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের গুয়াচিত্রা বাজারস্থ একসারাপাড়া সাকিনে নিজের বসতঘরের সামনে ইয়াবা বিক্রিকালে মাদক কারবারি রুবেলকে হাতেনাতে ধরা হয়। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবি পরিদর্শক তৌহিদুজ্জামান।



