দিনাজপুরের ঘোড়াঘাটে নেশার টাকা যোগাড় করতে বৃদ্ধা দাদি ওয়ালেদা বিবিকে (৭০) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নাতি রাব্বি হাসানসহ (১৮) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আনোয়ার হোসেন এ তথ্য জানান।
ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি উপজেলার ডুগডুগীহাটের মরহুম আব্দুল ওয়াদুদের ছেলে ও নিহত বৃদ্ধার আপন নাতি রাব্বিসহ ওই উপজেলার পশ্চিম পালশা গ্রামের মরহুম মতিয়ার রহমানের ছেলে মশফিকুর রহমান ঢাকায় গ্রেফতার হয়।
অপর দিকে ঘোড়াঘাট উপজেলার গত ২১ এপ্রিল, মঙ্গলবার দিন-দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটের ২ নম্বর পালশা ইউনিয়নের পূর্ব পালশা গ্রামে নিজ বাসভবনে খুন হন বৃদ্ধা ওয়ালেদা বিবি। ঘাতকরা লুটপাটের উদ্দেশে ঘরে প্রবেশ করলে নিজ নাতিকে চিনে ফেলায় তাকে হাত-পা বেঁধে মুখে কসটেপ আঁটিয়ে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত আসামি রাব্বিসহ ঘাতকেরা পলাতক ছিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি) মো: আলমগীর হোসেন, পিপিএম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।



