ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো দেউল ডাংরা গ্রামের সুমন মিয়ার আড়াই বছরের মেয়ে সাইফা আক্তার এবং তুহিন মিয়ার তিন বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে শিশু দু’টি বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসমান লাশ দেখতে পান। তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



