‘মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই‘- স্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দৌড়ের মাইলফলক স্পর্শ করলেন দিনাজপুরের মো: সাখাওয়াত হোসেন সাকিব। ছয় দিনে প্রায় সাড়ে তিন শ’ কিলোমিটার পথ পাড়ি দেয়ার নতুন ইতিহাস ও এক অনন্য রেকর্ড স্থাপন করেছেন এই তরুণ।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ঢাকা জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া তার এই বিরতিহীন দৌড় বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় দিনাজপুরের জিরো পয়েন্টে এসে শেষ হয়।
দৌড় শেষে সাকিব দিনাজপুর জিরো পয়েন্টে পৌঁছলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তাকে বরণ করে নেন। তাকে বরণ করে নিতে দিনাজপুর জিরো পয়েন্টে মঞ্চ তৈরি করে সংবর্ধনার আয়োজন করা হয়।
দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দিতে সাকিবের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত ছিল যমুনা নদী পার হওয়া। যমুনা সেতু পার না হয়ে বেছে নিয়েছেন নদীপথ। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টায় সাঁতার কেটে যমুনা নদী পাড়ি দেন তিনি। এতে তার প্রায় ৩ ঘণ্টা সময় লাগে। এছাড়া দিনাজপুরের প্রবেশমুখে মোহনপুর ব্রিজের কাছে বুধবার সকালে আত্রাই নদীও সাঁতরে পার হয়েছেন তিনি।
সাকিবের এই যাত্রার সার্বিক সহযোগিতায় ছিলেন ‘পাটোয়ারী বিজনেস হাউজ’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, ‘সাকিব দিনাজপুরের গর্ব। ইতোপূর্বে সে টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতার কেটেছে, পদ্মা ও যমুনাসহ বিভিন্ন বড় বড় নদী পাড়ি দিয়েছে। এমনকি সাইকেলে করে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণের রেকর্ডও তার আছে। সাকিবের মতো মেধাবী ও সাহসী তরুণদের পাশে দাঁড়ালে তাদের মনোবল বৃদ্ধি পায়। দেশের বিত্তবান ও সমাজসেবীদের উচিত এসব প্রতিভাকে উৎসাহিত করা।’
সাকিব দিনাজপুর শহরের রামনগর এলাকার বাসিন্দা। তার বাবা একজন ফল ব্যবসায়ী। সাকিব দিনাজপুরের সেন্ট যোসেফস স্কুল থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।



