গফরগাঁওয়ে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

বুধবার (১৫ এপ্রিল) রাতে ঝড়ে ভেঙে পড়া গাছের লাকড়ি সংগ্রহ করতে ফাতেমা খাতুন বৃহস্পতিবার ভোরে বাড়ি সংলগ্ন রাস্তার পাশে যান।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু |প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঝড়ে ভেঙে যাওয়া গাছের লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে ফাতেমা খাতুন (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে (লালু মেম্বারের মোড়) এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা খাতুন উথুরী গ্রামের হযরত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গত বুধবার (১৫ এপ্রিল) রাতে ঝড়ে ভেঙে পড়া গাছের লাকড়ি সংগ্রহ করতে ফাতেমা খাতুন বৃহস্পতিবার ভোরে বাড়ি সংলগ্ন রাস্তার পাশে যান। এ সময় ধানক্ষেতে পড়ে থাকা একটি নারিকেলের ডাল হাতে উঠাতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।