সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসনের ১৭৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৬০% ভোট পড়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিলো।
সকালে নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র ভোটার ছিল কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে বিভিন্ন ভোট কেন্দ্রে।
শহরের সীমানা পেরিয়ে গ্রামের ভোটকেন্দ্রগুলোতে দেখা গেল ব্যতিক্রম চিত্র। অনেকটা উৎসব আমেজে রিক্সা ও ভ্যান নিয়ে ভোটকেন্দ্রে ছুটে যান ভোটাররা।
বরিশাল সদর আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার, হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এবং মই প্রতীকের প্রার্থী বাসদ নেত্রী ডা: মনীষা চক্রবর্তী ভোট দেয়ার পর নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বিভিন্ন এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিলো চেখে পরার মতো।



