মৌলভীবাজারের বড়লেখায় চার হাজার পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে রাতে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানে রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যান। এ সময় ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি ফোন জব্দ করে পুলিশ।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে উপপরিদর্শক (এসআই) শেখ কামরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলে আজিম, সন্তোষ কুমার বিশ্বাস ও সুলতান আহমদসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।
বৃহস্পতিবার সকালে ওসি মনিরুজ্জামান খান নয়া দিগন্তকে জানান, চার হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দু’জন পালিয়ে গেছেন। তবে গ্রেফতার আসামির দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক দু’জনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।



