নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি বিভিন্ন উদ্ধার করা হয়েছে। এ সময় এতে অভিযুক্ত সাবের মারমা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সোনারগাঁও উপজেলা প্রশাসন মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এ কচ্ছপ উদ্ধার করে।
সোনারগাঁওয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ব্যক্তি খাগড়াছড়ি জেলার মহলছড়ির হলাপ্রুচাই মারমার ছেলে।
জানা গেছে, উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্নে অভিযুক্ত সাবের মারমা উদ্ধারকৃত কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এসময় তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে আটকে সাথে থাকা কচ্ছপগুলো উদ্ধার করেন। পাশাপাশি এ কাজে নিয়োজিত থাকার অপরাধে নগদ অর্থ জরিমানা করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোকে পরে বৈদ্যেরবাজার ঘাটে অবমুক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, ‘অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি কচ্ছপগুলোকে অবমুক্তও করা হয়।’



