যশোরের চৌগাছায় খাদ্যে ভেজাল মেশানোর দুটি বেকারির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের ভ্রাম্যমান আদলতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, খাদ্যে ভেজাল ও প্রাণঘাতি উপাদান ব্যবহার রোধে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একালার গাজী বেকারির মালিক ফশিয়ার রহমান গাজীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পৌর শহরের কংশারীপুর বেলেমাঠ এলাকায় মাসুদ বেকারির মালিক মাসুদ রানাকে একই আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে খাদ্যে ভেজাল ও প্রাণঘাতি উপাদান ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন শিকদার ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে। খাদ্যে ভেজাল ও প্রাণঘাতি উপাদান ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে।



