ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের হাম চিকিৎসা দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা: মোহাম্মদ গোলাম মাওলা জানান, মারা যাওয়া শিশুটি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। সাত মাস বয়সী ওই শিশুকে গত ১১ এপ্রিল ভর্তি করা হয়। হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদরোগে আক্রান্ত থাকায় তার শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। সোমবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে হামে মমেক হাসপাতালে মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭৪ শিশু, যা পরিস্থিতির ক্রমাবনতির বার্তা দেয়।
চিকিৎসকরা জানান, গত ১৭ মার্চ থেকে ১৪ এপ্রিল দুপুর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭০ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৩ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তিনটি মেডিক্যাল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন।



