তুচ্ছ ঘটনার জেরে রাবিতে ছাত্রদল নেতাকে মারধর কর্মীর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তুচ্ছ ঘটনার জেরে ছাত্রদল নেতাকে বহিরাগত এনে মারধরের অভিযোগ উঠেছে এক কর্মীর বিরুদ্ধে। ঘটনায় এক বহিরাগত আটক হয়েছে, প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

রাবি প্রতিনিধি
সিসিটিভি ফুটেজের ছবি
সিসিটিভি ফুটেজের ছবি |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্বের তুচ্ছ ঘটনার জেরে বহিরাগত এনে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ ওঠেছে জুনিয়র এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় এক বহিরাগতকে আটক করা হয়েছে। জুনিয়র শিক্ষার্থী ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী শাওন গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক।

অভিযুক্ত আকাশ একই ডিসিপ্লিনের ২০২৩-২৪ সেশনে শিক্ষার্থী। তিনিও ছাত্রদল কর্মী, তার বাড়ি রাজশাহী শহরে।

প্রক্টর দফতরের সিসি ফুটেজে দেখা যায়, শাওন বাইক নিয়ে চারুকলা অভিমুখে যাওয়ার পথে আকাশসহ কয়েকজন তার পথ আটকান। তারপর হঠাৎ তাকে কিল-ঘুষি মেরে বাইক থেকে ফেলে দেয়া হয়।

শাওনের অভিযোগ, তিনি প্র্যাকটিস শেষে চলে যাচ্ছিলেন। হঠাৎ পথে তার ওপর হামলা হয় এবং মারধরে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার চান তিনি।

মারধরের কারণ হিসেবে তিনি বলেন, প্রথমবর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে সিগারেট খাচ্ছিলেন। আগে থেকেই সেখানে সিনিয়ররা আপুরা বসে ছিলেন। এ সময় সিনিয়ররা তাকে চলে যেতে বললে সে উল্টা তাদের চলে যেতে বলেন। তখন শাওন বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। এছাড়াও আকাশ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে শাওনের নাম ভাঙিয়ে চলার অভিযোগ তোলেন তিনি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘দু’জনেই ক্যাম্পাসের শিক্ষার্থী। পূর্ব ঘটনার জেরে একজন কিছু বহিরাগত এনে অন্যজনকে মেরেছে। ঘটনাস্থলেই অন্য শিক্ষার্থীরা এক বহিরাগতকে আটক করে এবং প্রক্টরিয়াল টিমকে অবগত করে। টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে।’