চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাস ইন্দ্রপুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহন নামের পর্যটকবাহী একটি বাস কক্সবাজার যাওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে আসা এভারগ্রীন পরিবহন নামের আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। হাইওয়ে পুলিশের সদস্যরা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা: তৃষ্ণা সরকার বলেন, দুর্ঘটনায় আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো: সুমন (১৬) ও কুমিল্লার সালাউদ্দিন (২৫) নামের দু’জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেয়া হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাকবলিত বাস দু’টি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসস



