বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) মহানগর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি এনামুল হক রানার সঞ্চালনায় শিক্ষা বৈঠকে আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার দাওয়াহ সম্পাদক মাওলানা হেদাইতুল ইসলাম ও বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের। এ সময় দারসুল কোরআন পেশ করেন তরুণ আলোচক মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী।
আলোচকবৃন্দ বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের যেমন ইসলামের পূর্ণ অনুসারী হতে হবে, ঠিক তেমনি মানুষের কাছে ইসলামের মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। সমাজের মানুষ যেন জামায়াতের একজন কর্মীকে দেখেই ইসলামের সৌন্দর্য্য অনুধাবন করতে পারে সেভাবেই জামায়াতের প্রতিটি কর্মীকে তৈরি হতে হবে।
আলোচকবৃন্দ আরো বলেন, আল্লাহ রব্বুল আ’লামীন এই জমিনে তাঁর হুকুমাত প্রতিষ্ঠার জন্য যুগে যুবে নবী, রাসুল প্রেরণ করেছেন। যেহেতু আর কোনো নবী বা রাসুল আসবেন না, সেহেতু আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকেই দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হবে। এই কাজে বাধা আসবে, হামলা-মামলা, জেল-জুলুম আসতে পারে। কিন্তু একজন সত্যিকারের মু’মীন কখনো এসব জুলুম-নির্যাতনে ভীত হয় না। কোনো হামলা-মামলা মু’মীনকে তার পথ থেকে সরাতে পারে না।
সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন বলেন, ‘জামায়াতে ইসলামী যুব সমাজকে দ্বীনের পথে আনার জন্য সারাদেশে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তারই আলোকে বগুড়া মহানগরীর প্রতিটি যুবকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমি জামায়াতে ইসলামীর কর্মীদের সমাজের সকল যুবকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার উদাত্ব আহ্বান জানাচ্ছি।’
শিক্ষা বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিক, দেলোয়ার হোসেন সাঈদী, আব্দুল ওয়াদুদ, মোকাম্মেল হক, বিপুল, আবু হুরায়রা প্রমুখ।



