২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাসহ চারটি মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বগুড়ার গাবতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে তাকে বগুড়া জেলা ডিবি কার্যালয়ে নেয়া হয়।
এর আগে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ব্যাপারে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধ জুলাই-আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।



