নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সাথে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ) দুপুরে নোবিপ্রবি ভিসির কার্যালয়ে ইরাসমাস চুক্তির আওতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাকাডেমিক কার্যক্রম বিনিময় নোবিপ্রবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের জ্ঞান ও গবেষণার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে আশা করছি।’
তিনি আরো বলেন, ‘নোবিপ্রবিতে তুরস্কের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের এই সফর পারস্পরিক জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণায় নতুন দ্বার উন্মোচন করবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্টারন্যাশনাল কোলবরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান সিদ্দিকীসহ অন্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুল গেডিক ইউনিভার্সিটি, কারাবুক ইউনিভার্সিটি ও আলানিয়া আলাদিন কায়কোবাত ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ড. ইমরাহ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের অধ্যাপক ড. সেদাত, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কুবিলেই ও স্পোর্টস সায়েন্স বিভাগের অধ্যাপক সেভাল প্রতিনিধি দলে রয়েছেন।
নোবিপ্রবিতে অবস্থানকালে তুরস্কের অধ্যাপকবৃন্দ নোবিপ্রবির বিভিন্ন বিভাগে লেকচার প্রদান, গবেষণার অভিজ্ঞতা বিনিময় এবং অ্যাকাডেমিক সহযোগিতা জোরদারে কাজ করবেন।



