ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।
আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আব্দুল মন্নানের ছেলে। ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদের জানাজায় অংশ নেন আওয়ামী লীগ নেতারা। ধানমন্ডি থানার ১২নম্বর রোডের তাকওয়া মসজিদের পাশে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলো। দেশকে অস্থিতিশীল করার জন্য মিছিল করে দেশবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।
পুলিশ মাসুদ মধুকে সেখান থেকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি থানায় এসআই মিঠুন সিংহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আল মাসুদ মধুসহ নামধারী ৬ জন ও আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
মামলার ১নম্বর আসামি মাসুদ মধু। মাসুদ মধুকে সেই মামলায় ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনার পর ঝালকাঠি থানায় মাসুদ মধুর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায় ধানমন্ডি থানা। ইতোমধ্যেই ঝালকাঠি থানার ৫টি মামলার তথ্য পাঠিয়ে দেয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘ধানমন্ডি থানার একটি মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতেও ৫টি মামলা রয়েছে। ইতোমধ্যে সেখানে ঝালকাঠির মামলাগুলোতে শ্যোন অ্যারেস্ট (show arrest) দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠিতে আনার প্রক্রিয়া চলছে।’



