সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আট শিশুর হাম শনাক্ত করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩০ জনের হাম রোগ শনাক্ত হয়েছে। এরমধ্যে হবিগঞ্জের পাঁচজন (যাদের মধ্যে দু’জন রুবেলা), মৌলভীবাজারের আটজন, সুনামগঞ্জের সাতজন ও সিলেটের ১০ জন রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ছয়জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, একজন নর্থ ইস্ট হাসপাতালে, একজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, তিনজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দু’জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৭০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ৪২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, রাগীব-রাবেয়া হাসপাতালে দু’জন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট হাসপাতালে দু’জন, পার্কভিউ হাসপাতালে একজন এবং বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন করে, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও ১২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম বা রুবেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।



