মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জরিপ শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকালে এ হত্যার ঘটনা ঘটে। নিহত জরিপ শেখ উপজেলার চাঠাতিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী ফাতেমা বেগমকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রতিবেশী ইউসুফ শেখের বাড়িতে যান জরিপ শেখ। সেখানে ঘটনার বিষয়ে কথা বলার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ দা ও কুড়াল নিয়ে জরিপ শেখের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। কুড়ালের আঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় জনতা অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক ওসমান জানান, হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।



