পিরোজপুরের কাউখালীতে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।
রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার চিরাপাড়া নদীতে থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ৩০ হাজার মিটারের একটি অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
উপজেলা মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, জাটকা নিধন রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার নির্দেশ দেয়া হয়।
কাউখালী উপজেলা মৎস্য অফিসার মো: হাফিজুর রহমান বলেন, ‘জব্দ করা জালগুলো উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। জাটকা সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে। তাই জাটকা নিধন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’



