পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক ধোপাপাড়া এলাকার গোলাম রসুলের ছেলে। তিনি পুঠিয়ার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, রোববার তারা নবনির্বাচিত এমপি নজরুল ইসলাম মণ্ডলের সাথে দেখা করে বিদ্যালয় যাবার পথে পুঠিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে একজনের সাথে কথা বলার জন্য আব্দুর রাজ্জাক মোটরসাইকেল নিয়ে দাঁড়ালে রাজশাহীর দিক থেকে আসা একটি পাথরবাহী ডাম্প ট্রাক তাকে পিষে নাটোরের দিকে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পবা হাইওয়ে থানার কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে লাশটি উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। তবে ট্রাকটি পালিয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে ট্রাকটির সন্ধান করার চেষ্টা করছি।’



