ডা: শফিকুর রহমান

তরুণ সমাজকে একাডেমিক উৎকর্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে হবে

সিলেটে মহানগর ছাত্রশিবিরের সাথে মতবিনিময়

মঙ্গলবার (২ জুন) ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ছাত্রশিবিরের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান
সিলেটে ছাত্রশিবিরের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের তরুণ সমাজকে একাডেমিক উৎকর্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২ জুন) ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সকাল ১০টায় নগরীর একটি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডা: শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ‘দেশের তরুণ সমাজকে একাডেমিক উৎকর্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান, দক্ষতা ও উন্নত চারিত্রিক গুণাবলির মাধ্যমে তরুণরাই একটি আদর্শ সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তরুণ সমাজকে এভাবে গড়ে তুলতে ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদধারী শিক্ষার্থী তৈরি করছে; কিন্তু প্রকৃত অর্থে সুনাগরিক গঠনে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না। শিক্ষা এমন হওয়া উচিত, যা মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়।’

ডা: শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও মূল্যবোধভিত্তিক রূপে পুনর্গঠন করবে। এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যা একদিকে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করবে, অন্যদিকে তাদের আদর্শ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।’

সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলার আমির হাবিবুর রহমান, জেলার নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরের সেক্রেটারি শাহজাহান আলী, ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।