শস্যভাণ্ডার খ্যাত নাটোরের সিংড়ার চলনবিলে হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আধাপাকা ও কাঁচা ধানের ক্ষতি হয়েছে। এতে বোরো ধানের ফলন কম ও ধান কাটার খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় দুঃচিন্তায় পড়েছেন কৃষক।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলনবিল অধ্যুষিত সিংড়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে বোরো ধানসহ ভুট্টা, মুগডাল, তিল, আম, লিচু ও সবজি ফসলের কম-বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে ৫২ হেক্টর জমির বোরো ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে কৃষকরা দুঃচিন্তায় পড়েছেন।
তবে কৃষকদের মতে, ক্ষতিগ্রস্থ ধানের পরিমাণ ১০০ হেক্টর ছাড়িয়ে গেছে। বোরো মৌসুমের শেষ সময়ে প্রকৃতির বিরুপ প্রতিক্রিয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন চলনবিলের লাখো কৃষক।
সাতপুকুরিয়া গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, হঠাৎ গতরাতে শিলাবৃষ্টি ও বাতাসে ধান মাটিতে শুয়ে পড়ায় ফলন কমের আশঙ্কা করছি। তাছাড়া এই ধান কাটতে বাড়তি টাকা গুনতে হবে, এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।
ইন্দ্রাসন গ্রামের কৃষক আব্দুল করিম জানান, আগামী দু’ সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় দুশ্চিন্তা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, উপজেলায় ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। হালকা বাতাস ও শিলাবৃষ্টিতে ৫২ হেক্টর জমির ধান মাটিতে পড়ে গেছে। ভুট্টা, আমসহ অন্যান্য ফসল সামান্য ক্ষতি হয়েছে। আশা করছি আবহাওয়া ভালো হলে ক্ষতির পরিমাণ কমে যাবে।



