মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি (এফএলএন) বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদফতরের যৌথ উদ্যোগে এ সভা হয়। এতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: সাখাওয়াৎ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হাচান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: শরিফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা সানজিদা আক্তার, টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মাসুদ রানা এবং টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ।
সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, শিক্ষার্থীদের ভিত্তিমূলক শিক্ষা শক্তিশালী করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। পাশাপাশি আধুনিক ও কার্যকর শিক্ষণ পদ্ধতি অনুসরণের ওপরও জোর দেন তারা।



