সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের সার্জারি কার্যক্রম উদ্বোধন

রেজিস্ট্রেশন করা রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তাদের মধ্যে থেকে যাদের সার্জারি জরুরি তাদের আগে অপারেশন করা হবে এবং পর্যায়ক্রমে সকলের অপারেশন সম্পন্ন হবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয় |ছবি : নয়া দিগন্ত

সিলেটে শতাধিক ঠোঁট কাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীকে বিনামূল্যে প্লাস্টিক সার্জারির কার্যক্রম শুরু করেছে রোটারি ক্লাব অব জালালাবাদ। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

‘৯ম রোটাপ্লাস্ট মিশন টু সিলেট, বাংলাদেশ’ শিরোনামে সম্পূর্ণ বিনামূল্যে মঙ্গলবার রোগী বাছাই প্রক্রিয়া শুরু হয়। বুধবার (১৪ জানুয়ারি) থেকে আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পর্যন্ত সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চলবে বাছাই করা রোগীদের বিনামূল্যে অপারেশন।

সকাল সাড়ে ১০টায় রোটাপ্লাস্ট প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার সোয়েব আহমদ মতিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন রোটারি ক্লাব অব জালালাবাদের পিডিজি প্রিন্সিপাল আতাউর রহমান পীর, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েল, রোটাপ্লাস্ট মিশনের মেডিক্যাল ডিরেক্টর টড ফার্নওয়ার্থ, মিশন ডিরেক্টর টেড এলেক্স, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাইরেক্টর মেজর জেনারেল (অব.) ডা: সৈয়দ ইফতেখার উদ্দিন, শেভরন বাংলাদেশের সোশ্যাল ইনভেস্টমেন্ট ম্যানেজার একেএম আরিফ আকতার, শেভরনের গ্যাস প্লান্ট সুপারিনটেনডেন্ট আবু হেনা মোহাম্মদ হাসানুজ্জামান ও রোটারি ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: তাফহিম আহমেদ রিফাত, সহকারী পরিচালক আবু তারেক রাসেল, জালালাবাদ ক্লাবের পিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ, পিপি মো: মঞ্জুর আল বাছেত, রোটারিয়ান হাবিব আল নূর, রোটারিয়ান আক্তার আহমেদ, রোটারিয়ান পিপি মালিক হুমায়ুন, রোটারিয়ান পিপি আলী আশরাফ চৌধুরী খালেদ, রোটারিয়ান মাছুমা চৌধুরী, রোটারিয়ান রীনা রানী কর্মকার, রোটারিয়ান নিতীশ সূত্রধর ও রোটারিয়ান রুনা খান।

রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে ও শেভরনের অর্থায়নে হল্যান্ড, মিসর ও আমেরিকার ২৫ জন সার্জন ঠোঁট কাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারি করবেন। আয়োজকরা জানান, ইতোমধ্যে ১১৩ জন রেজিস্ট্রেশন করেছেন।

রেজিস্ট্রেশন করা রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তাদের মধ্যে থেকে যাদের সার্জারি জরুরি তাদের আগে অপারেশন করা হবে এবং পর্যায়ক্রমে সকলের অপারেশন সম্পন্ন হবে।