রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন, ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে জেলার কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন আয়োজিত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বাজারজাতকরণে ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তিন মাস পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কমান্ডার মো: ফয়েজ আল করিম, চট্টগ্রাম অঞ্চলের সহকারী নৌ পুলিশ সুপার আবু মো: দিলওয়ার হাসান ইনাম, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দীন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য সড়ক ও নৌপথে মাইকিং করে সকলকে অবগত করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও বিকাশের স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারিভাবে খাদ্যশষ্য বিতরণ করা হবে। বাসস



