মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে সরকারি খাস জায়গা ও নদী থেকে মাটি কেটে ট্রলারের মাধ্যমে পরিবহনের দায়ে বেলায়েত বাউল নামে এক ব্যক্তিকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
এ সময় অবৈধভাবে মাটি কেটে ট্রলারের মাধ্যমে পরিবহনের সময় ৪টি ট্রলার আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী হাজী বেলায়েত বাউল (৪৫) নামে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে অবৈধ মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।



