মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়াচ্ছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।
ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল বাড়ানো হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোট গণনার কাজ।
প্রসঙ্গত, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ভোটযুদ্ধে লড়বেন ২৫ প্রার্থী। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বাকি ১৫৭টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯৫ হাজার ৩০৮ জন এবং পাঁচ লাখ ৫৩ হাজার সাতজন নারী ভোটার। হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটারের সংখ্যা ১২ জন।
তথ্য বলছে, প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী পুলিশ এবং তিনজন অস্ত্রধারী ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সাধারণ ভোটকেন্দ্রে দু’জন করে অস্ত্রধারী পুলিশ এবং দু’জন অস্ত্রধারী ও ১১ জন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। জেলায় প্রায় ৬০০ সেনাবাহিনী টহল ও নির্বাচন সুষ্ঠু করতে কাজ করেছেন। প্রতিটি উপজেলায় ১০০ জন করে বাংলাদেশ সেনাবাহিনী থাকবেন নির্বাচনী মাঠে। এরমধ্যে সদর উপজেলায় থাকবেন ২০০ সেনা সদস্য। এছাড়া ৬ প্লাটুন বিজিবি এবং অর্ধশত র্যাব সদস্যও দায়িত্ব পালন করবেন। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে মাদারীপুর-১ আসনে সাতজন, মাদারীপুর-২ আসনে সাতজন ও মাদারীপুর-৩ আসনে ১০ জন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবেন এই দায়িত্ব পালনে।
মাদারীপুর-১ আসন:
মাদারীপুরের শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ২৪ হাজার ২৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৪১ জন। নারী ভোটার আছেন এক লাখ ৫৫ হাজার ২৪৬ জন। এছাড়া দু’জন রয়েছেন হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার। মোট ভোটকেন্দ্র ১০২টি।
মাদারীপুর-২ আসন:
মাদারীপুর সদরের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মাদারীপুর-২ আসন গঠিত। এখানে মোট ভোটার চার লাখ ৩৬ হাজার ২৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২৩ হাজার ৬২১ জন। নারী ভোটার আছেন দুই লাখ ১২ হাজার ৬০৩ জন। এছাড়া আটজন রয়েছেন হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার। মোট ভোটকেন্দ্র ১৪৫টি। এরমধ্যে সদর উপজেলায় ৭৮টি এবং রাজৈরে ভোটকেন্দ্র রয়েছে ৬৭টি।
মাদারীপুর-৩ আসন:
মাদারীপুরের কালকিনির ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা ও ডাসারের পাঁচটি ইউনিয়ন এবং মাদারীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন গঠিত। মোট ভোটার তিন লাখ ৮৭ হাজার ৮০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ দুই হাজার ৬৪৬ জন। নারী ভোটার আছেন এক লাখ ৮৫ হাজার ১৫৮ জন। এছাড়া দু’জন রয়েছেন হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার। মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এরমধ্যে সদর উপজেলায় ৩৭টি ও কালকিনিতে ৭২টি ও ডাসারে ২৫টি।



