জামালপুরের ইসলামপুরে একটি ভুট্টা ক্ষেত থেকে জুয়েল (৩০) নামে এক ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের আমতলী গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জুয়েল মেলান্দহ উপজেলার পুর্ব শ্যামপুর বটতলা গ্রামের মুনা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, রোববার ভোর ৪টার দেকে নিজে স্বজনদের ট্রেনে উঠিয়ে দেয়ার জন্য ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ইসলামপুর-মাহমুদপুর সড়কের পাশে সদর ইউনিয়নের আমতলী (পল্টন পাড়) নামস্থানে একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে ট্রিপল লাইনে ফোন দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের স্বজনরা থানায় এসে জুয়েল লাশ শনাক্ত করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কায়ুউম গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা জুয়েলকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ ও থানা পুলিশ যার যার জায়গা থেকে বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।



