মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে আলুক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৮) নামে এক শিশুর ডান হাতের সব আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আহত মোস্তাকিম মুন্সীকান্দি এলাকার আল আমিনের ছেলে।
শিশুটির বাবা আল আমিন জানান, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে তার ছেলে আলুরক্ষেতে চলে যায়। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখেন, চারদিকে রক্ত ছড়িয়ে আছে এবং মোস্তাকিম মাটিতে পড়ে কাতরাচ্ছে। ঘটনাস্থলের পাশে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান তারা। পরে কাপড় দিয়ে হাত-পা বেঁধে দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে শিশুটির ডান হাতের সবকটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডান পায়েও আঘাত রয়েছে। বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিভাবে বিস্ফোরকটি সেখানে এলো এবং এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিস্ফোরক পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত দায়ীদের শনাক্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।



