পুঠিয়ায় ভুট্টাক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

সোমবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জিউপাড়ার উজালপুর গ্রামের বিলের মধ্যে ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

Location :

Puthia
প্রতীকী ছবি

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ায় ভুট্টাক্ষেত থেকে সূর্য বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জিউপাড়ার উজালপুর গ্রামের বিলের মধ্যে ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

সূর্য বেগম একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী।

সূর্য বেগমের ছেলে এরশাদ আলী জানান, তার মা সন্ধ্যার সময় বাড়ির পাশে বি‌লে ছাগল আনতে যান। ছাগল নিয়ে বাড়িতে আসতে দেরি করায় তিনি তার মাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তিনি ভুট্টাক্ষেতের ভিতর তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে বিষয়টি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুঠিয়া থানার ওসি মো: কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সূর্য বেগমকে হত্যা করে কেউ ভুট্টাক্ষেতে ফেলে রেখেছে। লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে।