গোবিন্দগঞ্জে সিসা তৈরির অবৈধ কারখানা সিলগালা

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
অভিযানে ‘থ্রি স্টার’ নামের একটি কারখানায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সিসা (লেড) তৈরির প্রমাণ পাওয়া যায়
অভিযানে ‘থ্রি স্টার’ নামের একটি কারখানায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সিসা (লেড) তৈরির প্রমাণ পাওয়া যায় |ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিসা তৈরির অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে তা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

অভিযানে উপজেলার ‘থ্রি স্টার’ নামের একটি কারখানায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সিসা (লেড) তৈরির প্রমাণ পাওয়া যায়।

অভিযান চলাকালে কারখানায় কর্মরত সাতজন শ্রমিককে প্রাথমিকভাবে আটক করা হলেও তাদের বিরুদ্ধে কোনো অপরাধের সংশ্লিষ্টতা না পাওয়ায় পরে ছেড়ে দেয়া হয়। পরে কারখানার মালিক মো: বেলাল হোসেনকে উপস্থিত করে বৈধ কাগজপত্র চাইলে তিনি কোনো অনুমোদনপত্র দেখাতে ব্যর্থ হন।

এ অবস্থায় কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং মহিমাগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে পরিবেশ দূষণকারী কার্যক্রম পরিচালনার দায়ে কারখানার মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ভবিষ্যতে কারখানাটি চালু না করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।