ঈদের নামাজে ইমাম নির্বাচন নিয়ে বিরোধ

রাজশাহীতে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, মুয়াজ্জিনের মৃত্যু

নিহত মো. আলাউদ্দিন মডেল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাকে নিজেদের কর্মী দাবি করছে জামায়াতে ইসলামী। তবে তাকে বিএনপির সমর্থক বলে দাবি করেছেন দলটির নেতারা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Mohanpur

রাজশাহীর মোহনপুর উপজেলায় জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর বিএনপির হামলায় আলাউদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

নিহত মো. আলাউদ্দিন মডেল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাকে নিজেদের কর্মী দাবি করছে জামায়াতে ইসলামী। তবে তাকে বিএনপির সমর্থক বলে দাবি করেছেন দলটির নেতারা।

এই ঘটনার পর জামায়াতের নেতা–কর্মীরা কিছুক্ষণের জন্য রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিএনপির এক কর্মীর একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ঈদের নামাজে ইমামতি করবেন কে, তা নিয়ে সন্ধ্যার পর মডেল মসজিদে মুসল্লিদের বৈঠক ছিল। সেখানে আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে বিএনপির কয়েকজন কর্মীর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল আউয়াল বলেন, এ সময় আলাউদ্দিন সেখানে এসে ছেলেদের নিয়ে যেতে চান। এ সময় বিএনপির কর্মীরা আলাউদ্দিনকে ফেলে দিয়ে তার বুকের ওপর উঠে বসেন। এতে তার মৃত্যু হয়। এ নিয়ে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আবদুল আউয়ালের দাবি, আলাউদ্দিনের পুরো পরিবার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। আলাউদ্দিন নিজেও তাদের দলের কর্মী।

জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘আলাউদ্দিনে ছেলেরা জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। দুপক্ষের কথা–কাটাকাটি বন্ধ করতে গিয়ে আলাউদ্দিন স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনার পর রাতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আলাউদ্দিনের মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে লাশ পোস্ট মর্টেম করা হবে। ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। পরে পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে গেছেন।’

ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন মোহনপুরের কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো। সেখানে তিনি জামায়াত কর্মীদের তোপের মুখে পড়েন।